
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের বোয়ালখালীতে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ।
এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা, তাদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদ সদস্য আরও বলেন, মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্যসংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সম্ভব হবে। এতে সরকারি সহায়তা প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় পরিবারগুলোর কাছে পৌঁছাবে এবং অনিয়ম, বৈষম্য বা অপব্যবহারের সুযোগ থাকবে না। ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে সঠিক তথ্যসংগ্রহ এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জনকল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নারী- পুরুষ উপস্থিত ছিলেন।