
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উত্তর সারোয়াতলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ম্যাচের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বোয়ালখালীর সাবেক কৃতী ফুটবলার প্রবাসী মো. নাছির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বাবর মুনাফ, ট্রেডভিশন লিমিটেড চট্টগ্রাম ব্রাঞ্চের ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন, মো. তুহিন, মো. সাব্বির।
প্রধান অতিথি মো. নাছির উদ্দিন বলেন, শিশু- কিশোরদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখে এবং শৃঙ্খলাবোধ তৈরি করে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী হতে হবে। এসময় তিনি ভবিষ্যতে খেলোয়াড়দের বিভিন্ন ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
খেলা পরিচালনা করেন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. মহিউদ্দিন নিহাদ। সহ- পরিচালনায় ছিলেন নাফিজ, সিফাত, আসিফ ও জিহাদ।
গ্রামীণ পরিবেশে বাঁশির সঙ্গে সঙ্গে মাঠজুড়ে শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক আক্রমণ, গোলের সুযোগ, দর্শকের উচ্ছ্বাস ও উৎসাহে পুরো সময়জুড়ে মাঠে ছিল প্রাণচাঞ্চল্য।
খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করে দুটি দল ফাইনালে উঠে। সোহানের টিম চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় আলফাসের টিম।
বিজয়ী ও পরাজিত দলকে ট্রফি এবং মেডেল পরিয়ে দেন অতিথিরা। এছাড়া দুই দল থেকে মিনহাজ ও তাসিনকে সেরা খেলোয়াড় নির্বাচিত করে পুরষ্কৃত করা হয়।
বিজয়ী দলের খেলোয়াড়রা হলেন সোহান, মিনহাজ, আনান, হামিম ও অর্পণ। পরাজিত দলের খেলোয়াড়রা হলেন আলফাজ, তাসিন, রাফি, সাহিল ও আব্দুল্লাহ।