
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় ব্যক্তিগত অর্থায়নে ইউনিব্লক দিয়ে ৮টি সড়ক নির্মাণ সম্পন্ন করেছেন সমাজসেবক ও সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মো. নাসির উদ্দিন। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে জনদুর্ভোগ লাঘবে নেওয়া এ উদ্যোগে বদলে যাচ্ছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জামিজুরী এলাকায় নির্মিত ৮ম সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মো. নাসির উদ্দিন। এ সময় সমাজসেবক আলহাজ্ব কাজী হাবিবুর রহমান, আলহাজ্ব শরাফত আলী, শহীদ হোসেন মেম্বার, সকির আহাম্মদ, জয়নাল আবেদিন চৌকিদার, মীর কাশেম, জামাল উদ্দিন, শহীদ, আলাউদ্দিন, জয়নাল আবেদীন খোকন, সোহেল, আবদুল গফুর, আবু তালেব, লিটন, আবু নাইম, শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জামিজুরী এলাকার ১১টি সংযোগ সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। বর্ষাকালে কাদা ও পানিতে এসব সড়ক দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও রোগীবাহী যানবাহন চলাচলে দেখা দিত নানা সমস্যা।
এ অবস্থায় প্রচলিত ব্রিক সলিং, পিচ ঢালাই বা কংক্রিটের পরিবর্তে দীর্ঘস্থায়ী ইউনিব্লক ব্যবহার করে সড়ক নির্মাণের উদ্যোগ নেন মো. নাসির উদ্দিন। ইতোমধ্যে ৭টি সড়কের নির্মাণকাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সর্বশেষ ৮ম সড়কটির কাজ শেষ হওয়ায় সেটিও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন সড়ক নির্মাণের ফলে বর্ষাকালে চলাচলের দুর্ভোগ অনেকটাই কমেছে। ইউনিব্লকে নির্মিত সড়কগুলো দেখতে দৃষ্টিনন্দন হওয়ায় এলাকার সৌন্দর্যও বেড়েছে। জনস্বার্থে নেওয়া এ উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।
মো. নাসির উদ্দিন বলেন, “জামিজুরী এলাকার ১১টি সংযোগ সড়কের অবস্থা খুবই বেহাল ছিল। রাস্তাগুলো দিয়ে চলাচল করতে গিয়ে মানুষকে ভীষণ দুর্ভোগ পোহাতে হতো। জনদুর্ভোগ লাঘবে এলাকাবাসীর প্রতি নিজের দায়িত্ববোধ এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ব্যক্তিগত অর্থায়নে ইউনিব্লক দিয়ে সড়কের উন্নয়নকাজ শুরু করেছি। ৮টি রাস্তা ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। বাকি ৩টি রাস্তার কাজও দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।”
এলাকাবাসীর মতে, জনপ্রতিনিধির পদ-পদবির বাইরে থেকেও জনকল্যাণে ব্যক্তিগত উদ্যোগ নেওয়া যায়—জামিজুরীতে নাসির উদ্দিনের সড়ক নির্মাণকাজ তারই একটি উদাহরণ।