
মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
দীর্ঘদিনের লালিত স্বপ্ন, কঠোর পরিশ্রম, ত্যাগ ও অধ্যবসায়ের পথ পেরিয়ে অবশেষে চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছেন চট্টগ্রামের বাঁশখালীর মেয়ে ইশরাত বখতিয়ার চৌধুরী নিশু। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাইনাল প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেছেন।
ইশরাত বখতিয়ার চৌধুরী নিশু বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়নের ইলশা গ্রামের কৃতী সন্তান। তিনি ওই গ্রামের বিশিষ্ট সমাজসেবক এম. বখতিয়ার উদ্দিন চৌধুরী করিম (ভান্ডারী)-এর মেয়ে।
ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন লালন করে আসছিলেন ইশরাত। সেই স্বপ্ন পূরণে দীর্ঘদিনের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি একে একে অতিক্রম করেছেন নানা চ্যালেঞ্জ। অবশেষে এমবিবিএস ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে তার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।
মেয়ের এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তার শ্রদ্ধেয় পিতা বখতিয়ার চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, ত্যাগ ও অধ্যবসায়ের ফল হিসেবে আজ তার মেয়ে চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছে। এ অর্জনের জন্য তিনি মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করেন।
তিনি আরও বলেন, “আমার মেয়ে ইশরাত বখতিয়ার চৌধুরী নিশু যেন একজন মানবিক ও আদর্শ চিকিৎসক হয়ে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে পারে এবং জনগণের কল্যাণে কাজ করতে পারে—এটাই আমার প্রত্যাশা।”
ইশরাত বখতিয়ার চৌধুরী নিশুর চিকিৎসক হওয়ার খবরে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীরা ইশরাতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেছেন, যেন তিনি ভবিষ্যতে একজন মানবিক, দক্ষ ও আদর্শ চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ ও মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।