
শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান অভিভাবক সমাবেশে আলহাজ্ব আবুল বশর আবুশিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে শুধু বিদ্যালয়ের শিক্ষক নয়, অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে—এমন আহ্বান জানিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাটিয়াডেঙ্গা আলহাজ্ব সফিয়া-মমতাজুল হক উচ্চ বিদ্যালয়ে এ হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বশর গ্রুপের চেয়ারম্যান অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবুল বশর আবু বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবক—দুজনেরই দায়িত্ব রয়েছে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, নিয়মিত পড়াশোনা করছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের সবসময় খোঁজ রাখতে হবে।”
তিনি আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। একটি শিক্ষিত ও আদর্শ প্রজন্মই আগামী দিনের সুন্দর সমাজ ও দেশ গড়ে তুলতে পারে।
প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের হাতে অতিরিক্ত মোবাইল তুলে না দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি তাদের মানসিক বিকাশের প্রতিও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের
সাবেক সহকারী পুলিশ কমিশনার, আলহাজ্ব মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু আশিষ বরণ দেব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রমোতোষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং শিক্ষক-অভিভাবকের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।