
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিদ্যালয়ে না গিয়ে ঝাউবাগানে ঘোরাঘুরি করছিল বিভিন্ন বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী। বিষয়টি নজরে আসার পর তাদের আটক করে শাস্তি না দিয়ে শিক্ষামূলক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে দিকনির্দেশনা দিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রকৃতির সান্নিধ্যে শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে বাংলা ও ইংরেজিতে ‘Aim in Life’ লিখতে দেওয়া হয়। কেউ সুন্দরভাবে জীবনের লক্ষ্য লিখতে পারলেও কয়েকজনের হাতে-কলমে লেখার গতি ছিল কম। আবার কয়েকজনকে বই পড়তে দিয়ে তাদের পড়ার দক্ষতাও পর্যবেক্ষণ করা হয়।
পরে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেয় উপজেলা প্রশাসন।
চন্দনাইশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সামান্য দিকনির্দেশনা, ভালোবাসা ও নিয়মিত নজরদারি পেলেই একজন শিক্ষার্থীর জীবনের গতিপথ সুন্দরভাবে পরিবর্তন হতে পারে। অন্যদিকে অসৎ সঙ্গ ও বিদ্যালয়বিমুখতা শিক্ষা জীবনে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর ও সুশৃঙ্খল করতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অভিযানটি পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা কর্মকর্তা আবদুর রহমান।