
মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বাঁশখালী থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র্যালিটি বের হয়ে বাঁশখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী ও উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ,সদস্য সচিব রাসেল চৌধুরী।
এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।