
হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মহেশখালীতে দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেছেন। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে নানান বিষয় নিয়ে মতবিনিময় করেন ।
রোববার (২৫ জানুয়ারী) দুপুর ২টায় মহেশখালী উপজেলার লিডারশিপ স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্পে পৌঁছান। এ সময় তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌসদস্যদের সার্বিক প্রস্তুতি, আবাসন ব্যবস্থা, নিরাপত্তা পরিকল্পনা ও দায়িত্ব পালনের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন।পরিদর্শনকালে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে জনগণের নিরাপত্তা ও আস্থার পরিবেশ বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার।এ সময় নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কমান্ডার মহেশখালীতে নৌবাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।