
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজী আবুল কালাম আবুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শওকত আলম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, শাহানুর হিরু শাহীন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, সদস্য সচিব নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম হাজী আবুল কালাম আবুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সামাজিক কর্মকাণ্ড এবং বোয়ালখালীর মানুষের কল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তাঁরা বলেন, হাজী আবুল কালাম আবু তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর কর্মময় জীবন, ত্যাগ ও অবদান দলীয় নেতাকর্মীসহ বোয়ালখালীর মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
শোকসভা শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।