
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে চুরি হওয়া ৩১ টন লোহার রড বোঝাই একটি লরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার (১৫ মার্চ) রাত প্রায় ১০টার দিকে জোরারগঞ্জ থানার একটি দল অভিযান চালায়। এ সময় উপজেলার হিংগুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায় মহাসড়কের পাশে একটি লরি থেকে রড নামানোর সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লরির চালককেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—শেখ ফরহাদ (৪২), জাহিদুল ইসলাম (৩৫) এবং লরিচালক আবুল হাসেম রয়েল (৩০)। তাঁদের কাছ থেকে ৭টি বান্ডেলে থাকা মোট ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা। একই সঙ্গে লরিটিও জব্দ করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই রডসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।