
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম):
আপন পাঠাগারের অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠাগার হোক সচেতন ও সমৃদ্ধ সমাজের ভিত্তি, জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ। একটি গ্রামে পাঠাগার প্রতিষ্ঠা মানে কেবল বই রাখার স্থান তৈরি করা নয়, বরং জ্ঞানের এক স্থায়ী আলোকবর্তিকা প্রজ্বলন করা। তাঁরা উল্লেখ করেন, একটি সমৃদ্ধ পাঠাগার গ্রামের শিক্ষাগত ও সামাজিক উন্নয়নের দৃঢ় ভিত্তি স্থাপন করে। এখানে শিক্ষার্থী, তরুণ-তরুণী ও সাধারণ মানুষ সমানভাবে বই, পত্রিকা ও সাময়িকী পড়ার সুযোগ পায়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছলদের জন্য এই পাঠাগার আশীর্বাদস্বরূপ, কারণ তারা বিনামূল্যে জ্ঞানার্জনের সুযোগ পেয়ে নিজেদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে পারে।
বক্তারা আরও বলেন, কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি ও পরিবেশবিষয়ক বই মানুষের চিন্তাভাবনাকে প্রসারিত করে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি করে। পাঠাগার কুসংস্কার ও অজ্ঞতা দূর করে যুক্তিবাদী মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। সাহিত্যচর্চা, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এটি সৃজনশীলতার বিকাশ ঘটায় এবং যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে।
সবশেষে তাঁরা শেখর ঘোষ মহোদয়ের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “আপন পাঠাগার” একদিন এই গ্রামকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে একটি আদর্শ ও প্রগতিশীল সমাজে রূপান্তরিত করবে।
‘সু-শিক্ষিত মানুষ গড়ার প্রত্যয়ে’-এই স্লোগানকে সামনে রেখে রাউজান পশ্চিম গুজরা সরকার পাড়াস্থ আপন পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, সুধীজন মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
আপন পাঠাগার এর উপদেষ্টা টুটুন মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকার সিটিও ফোরাম বাংলাদেশ ধানমন্ডি ক্লাবের সভাপতি লায়ন তপন কান্তি সরকার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী।
সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি ঢাকা জোন চেয়ারম্যান লায়ন গীতা রানী সরকার, বিশিষ্ট নারী নেত্রী রেখা চৌধুরী।
আপন পাঠাগারের প্রতিষ্ঠাতা সহ-প্রধান শিক্ষক শেখর ঘোষ আপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের সাবেক জেনারেল-ম্যানেজার তাপস সরকার, সাতকানিয়া খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম মহাজন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব যীশু সেন, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, শুভাকাঙ্ক্ষী মিলন কান্তি ঘোষ প্রমুখ।
উপস্থিত ছিলেন নিশিতা চক্রবর্তী, সঞ্চিতা বিশ্বাস, খোকন ভট্টাচার্য, জ্যাকব ঘোষ, ঋত্বিক দেওয়ানজী, শিপ্রা দে, প্রীতম, শুভ, রাফি, রিশন, সোহেল,লাভলু, বাপ্পা, আখিঁ, অর্পিতা বিশ্বাস, নবনীতা, অবন্তিকা, ভূমিকা, চৈতি, উর্মি, শর্মি, জয়ন্তী, গায়ত্রী প্রমুখ। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান, পাঠকদের বই উপহার, কেক কর্তন, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ।