
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে উদ্ধার হওয়া আরও ৫টি মোবাইল রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মীরসরাই থানায় আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগীরা মোবাইল হারানো, চুরি বা ছিনতাইয়ের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল উদ্ধার করা হয়। সর্বশেষ উদ্ধার হওয়া ৫টি ফোনও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে শনাক্ত করা হয়।
মোবাইল উদ্ধারে দায়িত্বপ্রাপ্ত এএসআই মো. শামিনুর রহমান সুমন বলেন, মোবাইল হারিয়ে অনেকেই গুরুত্বপূর্ণ ছবি, নথি ও ব্যক্তিগত তথ্য হারানোর আশঙ্কায় থানায় আসেন। তাঁদের অসহায়ত্ব দেখে সর্বোচ্চ চেষ্টা করে ফোন উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুধু গত এক সপ্তাহেই ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও আইনশৃঙ্খলা রক্ষার ব্যস্ততার মধ্যেও পুলিশ মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। সব ফোন উদ্ধার করা সম্ভব না হলেও আইসিটি টিম এ বিষয়ে তৎপর রয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।