
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এসময় চার মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেন মীরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স ছাড়া ও অনুমোদনহীন মোড়কে পণ্য উৎপাদনের দায়ে বিএসটিআই আইন, ২০১৮ এর আওতায় জোরারগঞ্জ বাজারের একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলায় বিএসটিআই কর্তৃপক্ষ প্রসিকিউশন প্রদান করে। তবে অভিযানে কাউকে কারাদন্ড দেওয়া হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, রমজান উপলক্ষে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত ও ভোক্তা সুরক্ষায় এ অভিযান পরিচালিত হয়েছে। আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় পুলিশ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শনে ব্যবসায়ীদের সচেতন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিংও করা হয়।