
রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মীরসরাই উপজেলার জোরারগঞ্জ হাইস্কুল সুপার মার্কেট প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও নির্বাচনী সমন্বয়ক গাজী নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসকুল আলম সোহান ও যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল আলম মিয়াজী, পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাঈদুর রহমান চৌধুরী নসু, সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার হোসেন রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “রাজাকার ও স্বৈরাচারী চক্র এক হয়ে ষড়যন্ত্র করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “মীরসরাইয়ের মানুষ শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে। কিন্তু একটি গোষ্ঠী বারবার জনগণের মতামত উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
নুরুল আমিন চেয়ারম্যান বলেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না; আমরা চাই ন্যায়বিচার, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কোনো ধরনের উসকানি বা সহিংসতায় জড়িয়ে না পড়ে শান্তিপূর্ণভাবে ভোটের মাঠে থাকতে হবে। ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।”
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল। সভা শেষে ধানের শীষের সমর্থনে একটি মিছিল জোরারগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।