
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত তিনজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত চারজনসহ মোট সাত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে ২৫ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারদের মধ্যে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—দোহাজারী উল্লাহপাড়ার হাবিবুর রহমান, দোহাজারীর জামাল মেম্বারের বাড়ির মোঃ নুরুল ইসলাম এবং বারতখানার জামাল হোসেন।
এছাড়া মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সাজাপ্রাপ্ত চারজন হলেন—পূর্ব বুলার তালুক এলাকার মোঃ বেলাল উদ্দিন, দক্ষিণ হাশিমপুরের মোঃ রফিক, জামিজুরীর আবুল কালাম এবং একই এলাকার মঞ্জুর আলম।
পুলিশ জানায়, মোবাইল কোর্টের পৃথক মামলায় তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ১৫ থেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গ্রেফতার সাত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।