
বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দুইলাঝিরি এলাকায় পারিবারিক কলহের জেরে সংঘটিত ঝগড়া থামাতে গিয়ে রাশেদ (৩০) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদের মৃত্যু হয়।
নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার নুরুল আলমের প্রথম ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দুইলাঝিরি এলাকায় স্থানীয় আবদুল্লাহর স্ত্রী জমিলা ও তার শাশুড়ি হোসনে আরার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জমিলা তার শাশুড়িকে মারধর করতে থাকেন।
এ সময় প্রতিবেশী রাশেদ ঝগড়া থামাতে এগিয়ে গেলে একপর্যায়ে জমিলা একটি গাছের লাঠি দিয়ে রাশেদের মাথায় সজোরে আঘাত করেন। এতে রাশেদ গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬টার দিকে রাশেদের মৃত্যু হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, পারিবারিক কলহের জেরে ঝগড়ার সময় রাশেদ তা থামাতে গেলে তাকে আঘাত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।