
নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মায়ের দোয়া বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, খাবারে ক্ষতিকর অ্যামোনিয়াম ব্যবহারের অভিযোগসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এছাড়া বেকারির শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতার অভাব, বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন না নেওয়া এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে চন্দনাইশ থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।