চট্টগ্রামের চন্দনাইশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।
কারিতাস চন্দনাইশ এরিয়া ম্যানেজার মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক চয়ন হিউবার্ট রিবেরু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের দুর্যোগ প্রোগ্রাম কর্মকর্তা ডানিয়েল শিপু গমেজ, চন্দনাইশ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাজীব মজুমদার, সাবেক কাউন্সিলর নুরুল কবিরসহ কারিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, কারিতাস বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। মানুষের টেকসই জীবিকা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও সংস্থাটির ভূমিকা প্রশংসনীয়।
তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় চন্দনাইশ পৌরসভা এলাকার অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়ে কারিতাস যে সহায়তা দিয়েছে, তা তাদের দুর্যোগ-পরবর্তী সংকট মোকাবিলায় সহায়ক হবে। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য তিনি কারিতাস বাংলাদেশকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে চন্দনাইশ পৌরসভা এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ১৮ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে উপকারভোগীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।
বন্যার পর নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি দেখা গেছে। কারিতাসের এ উদ্যোগ দুর্যোগকবলিত পরিবারগুলোর সাময়িক প্রয়োজন মেটাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।