
চট্টগ্রামের চন্দনাইশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ।
বুধবার সকালে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।
কারিতাস চন্দনাইশ এরিয়া ম্যানেজার মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক চয়ন হিউবার্ট রিবেরু।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের দুর্যোগ প্রোগ্রাম কর্মকর্তা ডানিয়েল শিপু গমেজ, চন্দনাইশ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রাজীব মজুমদার, সাবেক কাউন্সিলর নুরুল কবিরসহ কারিতাসের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোয় কারিতাসের ভূমিকা প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে ৩০০ পরিবারের প্রত্যেককে ৬ হাজার টাকা করে মোট ১৮ লাখ টাকা নগদ সহায়তা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।