
বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুবিনুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আব্দুল কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে চার সদস্যের এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। চিঠি অনুযায়ী, স্মারক ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব, অভিভাবক প্রতিনিধি সদস্য মোহাম্মদ নেছার এবং শিক্ষক প্রতিনিধি হারাদন দে।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম প্রণীত ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪’-এর ৬৪(১০) ধারা অনুযায়ী উল্লেখিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এডহক কমিটি ছয় মাসের জন্য সভাপতির মনোনয়নসহ অনুমোদন দেওয়া হয়েছে।
সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী এক বার্তায় বলেন, “এই দায়িত্ব আমার জন্য বিশাল এক সম্মান ও দায়িত্ববোধের জায়গা। আমি সর্বদা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদনের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।