রাজিব মজুমদার,মীরসরাই,চট্টগ্রাম:
চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে তিনি বিভিন্ন শিল্পকারখানা, সড়ক অবকাঠামো, পানি শোধনাগার ও নির্মাণাধীন জেটির অগ্রগতি ঘুরে দেখেন।
দুপুর ১২টার দিকে অর্থনৈতিক অঞ্চলে পৌঁছে মুখ্য সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থায়নে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁকে অর্থনৈতিক অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রম, শিল্পকারখানার অগ্রগতি এবং অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে অবহিত করা হয়।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি মডার্ন সিনটেক্স ও কিয়াম গ্লাসওয়্যার কারখানা ঘুরে দেখেন। কিয়াম গ্লাসওয়্যার পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মশিউর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এইচ এম আরাফাত হোসেন কারখানার উৎপাদন কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে তাঁকে ধারণা দেন।
পরে মুখ্য সচিব অর্থনৈতিক অঞ্চলের সড়ক অবকাঠামো এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন জেটির কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ ছাড়া বেজা কার্যালয় ও সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যক্রম পরিদর্শন করেন এ বি এম আব্দুস সাত্তার। এ সময় বেপজার প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ শেষে বেপজা নির্মিত একটি ইউটিলিটি ভবন উদ্বোধন করেন তিনি।
পরে বেপজার অধীনে চীনা বিনিয়োগে প্রতিষ্ঠিত ম্যাট্রেস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভারনন অ্যান্ড অলিভারের কারখানা পরিদর্শন করেন মুখ্য সচিব। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মি. ইডেন তাঁকে কারখানার উৎপাদন কার্যক্রম ও বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। এ ছাড়া বেজার নির্বাহী সদস্য সালেহ আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি তানভীরুল কাদেরসহ বেজা, বেপজা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, বিগত সময়ের তুলনায় বর্তমানে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ছে। বিনিয়োগকারীদের সহায়তায় সরকার দ্রুত কাজ করছে।
ইতিমধ্যে বেজা ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন প্রায় ৩০টি শিল্পকারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হয়েছে। আরও ১৫টি কারখানার নির্মাণকাজ চলছে। এসব প্রতিষ্ঠান চালু হলে বহু মানুষের কর্মসংস্থান হবে।