পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মোঃসাকিল
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক বলেন, "দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বরদাশত করা হবে না।" সম্প্রীতির পরিবেশ অটুট রাখতে তিনি প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, মইনুল আলম ছোটন, শাহজাহান চৌধুরী, ওবায়দুল হক পিবলু, নাছির উদ্দিন, নুরুল আকতার, মইনু উদ্দিন, ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, জঙ্গল খাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, জেলা পূজা কমিটির দিলীপ ঘোষ দিপু, তাপস কুমার দে ও পুলক চৌধুরী।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। সার্বিক সহযোগিতা ও সতর্কতার মাধ্যমে উৎসব চলাকালে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার সিদ্ধান্ত নিয়ে সভা শেষ হয়।