রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম :
মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। হালিশহর থানা পুলিশ তাঁকে আটক করে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী রওশন আরা রত্না।
রওশন আরা রত্না বলেন, বুধবার সকাল ১১টার দিকে আরিফের চোখে অস্ত্রোপচার করা হয়। বৃহস্পতিবার তাঁর চোখের ড্রেসিংসহ পরবর্তী চিকিৎসা নেওয়ার কথা ছিল। গত চার মাসে তাঁর চোখের রেটিনায় তিনটি অস্ত্রোপচার হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘চোখের ড্রেসিং শেষ হওয়ার পর তাঁকে নিজে থানায় হাজির করা হবে—এমন অনুরোধ করা হয়েছিল। কিন্তু পুলিশ তা গ্রহণ করেনি। রাত ২টার দিকে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য এসে তাঁকে থানায় নিয়ে যান।’
তবে কোন মামলায় বা কী অভিযোগে আরিফকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরিফকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে বিস্তারিত জানাতে রাজি হননি।