বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সদর ঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ: আব্দুর রবের নেতৃত্বে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সার ও একটি কার্গো বোটসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার সময় সিএমপি কোতোয়ালী থানাধীন চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠ সংলগ্ন কর্ণফুলী নদী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো—কক্সবাজার জেলার মহেশখালী থানার সাবের গোনা এলাকার মৃত আনজু মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক প্রকাশ সেখান (৪৫), একই থানার আবদুল হক (২৪) এবং জমিলা গোনা এলাকার নুরুল ইসলাম জাহেদ (১৬)।
নৌ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ: আব্দুর রবের নেতৃত্বে আজ ভোরে চাক্তাই খালের পশ্চিমের বালুর মাঠ সংলগ্ন কর্ণফুলী নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রলারে লোড করা ৪০০ বস্তা ইউরিয়া সারসহ একটি কার্গো বোট জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।