মোহাম্মদ এরশাদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে ৫৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি কালো রঙের রেইনকোর্টসহ মো. খোরশেদ ওরফে খুশি (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী সাকিনের ভাদালিয়াস্থ রুহুল্লা পুকুরপাড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জনৈক বাবুলের মুদি দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি মোটরসাইকেলসহ খোরশেদকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ৫৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি কালো রঙের রেইনকোর্টও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. খোরশেদ ওরফে খুশি কক্সবাজার সদর উপজেলার আই.বি.পি রোড পশ্চিম এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বাঁশখালী উপজেলার ৫ নম্বর কালীপুর ইউনিয়নের পালেগ্রামে নুরুল আমিন মিয়ার বাড়িতে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঁশখালী থানায় মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)-এর নির্দেশনায় এবং ওসি মো. রবিউল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।