নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামের দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামিরজুরী এলাকায় নিজস্ব অর্থায়নে নির্মিত ৭টি সংযোগ সড়ক উদ্বোধন করেছেন সমাজসেবক ও ‘জনতার কাউন্সিলর’ হিসেবে পরিচিত সাবেক কাউন্সিলর প্রার্থী মো. নাসির উদ্দিন। গত ১২ আগস্ট মঙ্গলবার বিকেলে জামিরজুরী ঘোড়াপাড়ার ‘আব্দুল মোনাফ সড়ক’ নির্মাণকাজ শেষে উদ্বোধনের মধ্য দিয়ে ৭টি সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসী বলেন, জামিরজুরী এলাকায় নিরাপদ, সহজ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এবং যাতায়াতের দুর্ভোগ লাঘবে সড়কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মো. নাসির উদ্দিন বলেন, “দোহাজারী পৌরসভার জামিরজুরী ওয়ার্ডকে একটি মডেল ও গ্রিন ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১০টি সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। এর মধ্যে ৭টি সড়কের নির্মাণকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাকি ৩টি সড়কের কাজ চলমান রয়েছে।”
নির্মিত সড়কগুলো হলো—হাবিবুর রহমান সড়ক, আব্দুল হাকিম নকশবন্দী সড়ক, আদু মুন্সি সড়ক, ফজুর বাপের বাড়ি সড়ক, ডা. নুরুল ইসলাম সংলগ্ন সড়ক, ঘোড়াপাড়া আব্দুল মোনাফ সড়ক ও নাসির উদ্দিন সড়ক।
নাসির উদ্দিন জানান, মানুষের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে নিজ উদ্যোগে এসব সড়ক নির্মাণ করা হচ্ছে। তাঁর দাবি, সড়কগুলো নির্মাণের ফলে এ পর্যন্ত জামিরজুরীর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রায় ৮৫ শতাংশ উন্নতি হয়েছে।
এলাকাবাসী তাঁর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে ধারাবাহিক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল মোনাফ, শরফত আলী, মোখলেসুর রহমান, হাজী মো. লেদু সওদাগর, এলডিপি নেতা নুরুল ইসলাম, মুজিবুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা খুরশেদ আলম, আমিনুল হক, মাস্টার সফর মুল্লুক, আলাউদ্দীন ও মোহাম্মদ লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।