রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম :
চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ফার্মেসিসহ চার প্রতিষ্ঠানকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তদারকির পাশাপাশি বাজারের বিভিন্ন ফার্মেসিতে ওষুধ ও কসমেটিকসের বিক্রয় ও সংরক্ষণব্যবস্থা পরিদর্শন করা হয়। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলা করা হয়। এসব মামলায় মোট ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম, উপজেলা প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী, বাজার কমিটির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বাজারের অবকাঠামো, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতিও পরিদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা এবং ওষুধের দোকানগুলোতে আইন মেনে ব্যবসা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বাজারের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”