বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের নিদা গাজী বাড়িতে ছেলের মারধরের শিকার হয়ে মো. শাহাজাহান (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহাজাহান কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোকদণ্ডী নিদা গাজী বাড়ির বাসিন্দা।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) রাতে পারিবারিক বিরোধের জেরে শাহাজাহানের সঙ্গে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে মো. শওকত উত্তেজিত হয়ে বাবাকে গাছের শুকনো ডাল দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে শাহাজাহানের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি মাটিতে পড়ে যান।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গুনাগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের বক্তব্যে কিছুটা ভিন্নতা পাওয়া গেছে। নিহতের মেয়ে হাবিবা জানান, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শাহাজাহানের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে শওকত ও মেয়ে অভি তাকে ঘরের বাইরে নিয়ে যান। সেখানে নির্মাণকাজে ব্যবহৃত একটি গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম বলেন, বাবা-ছেলের বাগবিতণ্ডা থেকেই ঘটনার সূত্রপাত। দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কোন্দলকে আশপাশের লোকজন সাধারণ ঘটনা হিসেবে দেখেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হলে এমন ঘটনা এড়ানো সম্ভব হতো।
বাঁশখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সুধাংশু শেখর হালদার বলেন, মা-মেয়ে ও বাবা-ছেলের মধ্যকার দ্বন্দ্বের একপর্যায়ে মো. শাহাজাহান গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।