রাজিব মজুমদার, মীরসরাই, চট্টগ্রাম:
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে ১২১ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির কমিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে হাজারো ভক্তের অংশগ্রহণে বর্ণাঢ্য রথযাত্রা জোরারগঞ্জ বাজারের সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ভক্তরা ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও জয়ধ্বনির মধ্য দিয়ে রথের সঙ্গে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে নানা বয়সী নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
রথযাত্রায় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুভাষ সরকার, বর্তমান আহ্বায়ক অনির্বাণ চৌধুরী রাজিব, জোরারগঞ্জ জগন্নাথ দেবের মন্দির কমিটির সভাপতি সঞ্জয় চৌধুরী এবং সাধারণ সম্পাদক বাবুল সেন।
এছাড়া সার্বিক সহযোগিতা করেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান এবং জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ খান, যুবদল নেতা মোহাম্মদ রিপনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মন্দির কমিটির নেতারা জানান, শতবর্ষেরও বেশি সময় ধরে জোরারগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির পরিবেশে রথযাত্রা উদযাপিত হয়ে আসছে। ভবিষ্যতেও এই ঐতিহ্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন তারা।