মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শনে আজ শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম সফরে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার সকাল ৮টার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় যাবেন। সেখানে দুর্গত মানুষের খোঁজখবর নেবেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলবেন।
বাঁশখালী সফর শেষে তিনি চট্টগ্রাম মহানগরীতে ফিরে জোহরের নামাজ আদায় করবেন। পরে মহানগরীর কয়েকটি দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করবেন। সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়, স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
এদিকে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে রয়েছে। প্রায় তিন লক্ষ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে উপজেলার পশ্চিমাঞ্চলের খানখানাবাদ, বাহারচরা, পুকুরিয়া, কাথরিয়া, সরল, গণ্ডামারা, শেখেরখীল ও ছনুয়া ইউনিয়নে হাজার হাজার পরিবার চরম দুর্ভোগে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, অনেক পরিবারের সংরক্ষিত খাদ্যশস্য পানিতে ভেসে গেছে। অসংখ্য বসতঘর তলিয়ে যাওয়ায় মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। অনেক এলাকায় রান্না করার মতো শুকনো স্থানও নেই। বিশুদ্ধ পানির সংকট ও খাদ্যাভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, শুকনো খাবার বিতরণ এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, বিরোধীদলীয় নেতার এই সফরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে এবং প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার হবে।