চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভাস্থ সাঙ্গু সেতুতে দ্রুত সড়ক বাতি স্থাপনের দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন দোহাজারী পৌরসভার সাধারণ শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ দোহাজারী সাঙ্গু সেতু দিয়ে প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সেতুতে পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা না থাকায় রাতের বেলায় পুরো এলাকাজুড়ে ঘন অন্ধকার নেমে আসে। এতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পথচারী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং রাতের যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে নিরাপদ চলাচলের স্বার্থে সাঙ্গু সেতুতে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত সড়ক বাতি স্থাপনের দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা সাধারণ শিক্ষার্থীবৃন্দের প্রতিনিধি আনাস মুহাম্মদ, হোসাইন মোহাম্মদ আকিব, সাইমন হাসান জিকু, নুর হোসাইন।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, জনস্বার্থে তাদের এ যৌক্তিক দাবির প্রতি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সাঙ্গু সেতুতে সড়ক বাতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করবে।