মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে কালীপুর ইউনিয়ন পরিষদ ও বন বিভাগের যৌথ উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে কালীপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে, খাসজমি ও জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।