হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও খাল থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের সদস্যরা অংশ নেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে দেখা যায়, অবৈধভাবে পাহাড় কেটে বনভূমি ধ্বংস করা হচ্ছে এবং ড্রেজার মেশিন ব্যবহার করে খাল থেকে বালু উত্তোলন চলছে। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পালংখালীর বাসিন্দা সাইফুল ইসলাম ভূট্টো (৪২)-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবহৃত ড্রেজার মেশিন ও কোদাল জব্দ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ভূমি অফিস ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে মোছারখোলা বিট অফিস থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিস্তীর্ণ বনভূমি উজাড় হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মোছারখোলা বিট কার্যালয়ের পাশেই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে লিখিতভাবে শোকজ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, উখিয়ায় পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।